নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফা কাজী ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। কয়েক বছর আগে তিনি মহারাগ গ্রামে বাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) ভদ্রবিলা বাজারসংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের কিশোরদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (২ জুলাই) একই ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয়রা শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে সালিশের উদ্যোগ নেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সালিশে যোগ দিতে বাড়ি থেকে রওনা হন মোস্তাফা কাজী। পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন