একই দিনে, একই মসজিদে পরপর দুইবার পবিত্র জুমার নামাজ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী পৃথিমপাশা নবাববাড়ির জামে মসজিদে যুগের পর যুগ ধরে চলে আসছে এই ব্যতিক্রমী ধর্মীয় ঐতিহ্য।
মূলত শিয়া ও সুন্নি—উভয় মতাবলম্বী মুসল্লিদের ধর্মীয় রীতি, খুতবা ও নামাজের সময়ের ভিন্নতার কারণে একই মসজিদে পৃথকভাবে দুটি জুমার জামাত অনুষ্ঠিত হয়। শতাব্দীপ্রাচীন এই প্রথা জমিদার আমল থেকে চলে আসছে এবং আজও কোনো বিরোধ বা মতবিরোধ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে তা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, এটি কোনো বিভেদের প্রতীক নয়; বরং দুই মতাবলম্বী মুসল্লির পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় রীতি অনুসারে জুমার নামাজ আদায় করে আসছেন এবং উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
ঐতিহাসিক পৃথিমপাশা নবাববাড়ির জামে মসজিদটি তার নান্দনিক স্থাপত্যশৈলীর পাশাপাশি একই দিনে দুইবার জুমার নামাজ আদায়ের এই বিরল ঐতিহ্যের কারণেও বিশেষ পরিচিত। প্রতি শুক্রবার এবং অন্যান্য দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এই ঐতিহাসিক স্থাপনা ও ব্যতিক্রমী ধর্মীয় সংস্কৃতি দেখতে ভিড় জমান।
স্থানীয়দের মতে, কোনো ধরনের সংঘাত ছাড়াই একই ছাদের নিচে দুই ভিন্ন ধারার ধর্মীয় আচার পালনের এই ঐতিহ্য কুলাউড়ার পৃথিমপাশা নবাববাড়িকে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মন্তব্য করুন