নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ খবির মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (৮ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার খবির মোল্যা সিলিমপুর গ্রামের কাউসার মোল্যার ছেলে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলিমপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে খবির মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, র্যাবের অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন