সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃক্ষপ্রেমিক আব্দুল গফ্ফার উমরা মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান অমি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই হবে না, শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সূত্রধর, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার এবং বিএডিসির কর্মকর্তা নাজমুল হক।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষানুরাগী আব্দুল মান্নান রিপন, জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন