কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের শিশু কন্যা সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবী (২৮) এবং শিলখুড়ি ইউনিয়নের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাস চালক লিমন মিয়া (২৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে চিকিৎসা শেষে একটি মাইক্রোবাসে করে ভুক্তভোগীরা ভূরুঙ্গামারী ফিরছিলেন। পথে বাঁশেরতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহত ১৩ জনকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন