চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুত ও পরিবহন করা ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে পতেঙ্গা থানার ৯ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ডিজেল ও বোট দুটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, “উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।”
কোস্ট গার্ডের এ অভিযানে অবৈধ জ্বালানি তেল পাচার ও কালোবাজারি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন