সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। সোমবার (১ জুন) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ডুমুরিয়া বিল এলাকা।
আয়োজক কমিটির সদস্য ও ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত জানান, প্রতিযোগিতায় মোট ১০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলো তাদের গতি, দক্ষতা ও নৈপুণ্যের প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি পর্বে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও করতালিতে মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
রোমাঞ্চকর প্রতিযোগিতা শেষে সাতক্ষীরার তালা উপজেলার প্রতিযোগী মাহিম রাজা প্রথম স্থান অর্জন করেন। পরে বিজয়ীর হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীদেরও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘোড়া দৌড় গ্রামীণ বাংলার শত বছরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত দর্শনার্থীরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন