নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির উপজেলার কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থানকালে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে আলিনুর ফকির পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব শেখ ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে অভিযুক্ত রাজিব শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন