দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের বিরুদ্ধে সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের সাক্ষাৎকার বা তথ্য নেওয়ার সময় তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধনের দাবি জানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হিলিতে কর্মরত ৭১ টেলিভিশন ও সোনালী নিউজের প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফের সঙ্গে পেশাগত আলাপচারিতার একটি অডিও রেকর্ডে ওই কর্মকর্তা সাংবাদিককে দাপ্তরিক শিষ্টাচারের কথা উল্লেখ করে বলেন, সংবাদ সংগ্রহ বা সাক্ষাৎকারের জন্য এলে তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করা উচিত।
অভিযোগে আরও বলা হয়, কথোপকথনের একপর্যায়ে তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তিনি একই গ্রেডের কর্মকর্তা। ইউএনওকে যেভাবে ‘স্যার’ বলে সম্বোধন করা হয়, পেশাদারিত্বের স্বার্থে তাকেও একইভাবে সম্বোধন করা উচিত।
এ বিষয়ে সাংবাদিক ছামিউল ইসলাম আরিফ বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সাধারণত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। অতীতে এ দপ্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের সময় এমন কোনো শর্ত বা নির্দিষ্ট সম্বোধনের দাবি করা হয়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের একাংশের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
মন্তব্য করুন