মাগুরায় ইসলামী ব্যাংকের ওপর “এস আলম গ্রুপের প্রত্যাবর্তনের চক্রান্ত” বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের সুশাসন নিশ্চিতসহ আট দফা দাবি উত্থাপন করা হয়।
রোববার (২৪ মে) বেলা ১১টায় কলেজ রোডের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।
কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ও গ্রাহক মো. মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মো. মারুফ হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অনিয়ম ও লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি ওই প্রভাব থেকে মুক্ত হলেও আবারও সেই চক্রকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ ও সুশাসন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।
মানববন্ধনে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল, এএমডি কামাল উদ্দিন জসীমকে বহিষ্কার, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধ, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, গ্রাহক আস্থা ফিরিয়ে আনা এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোনোভাবেই “লুটেরা চক্র”কে ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরতে দেওয়া যাবে না।
মন্তব্য করুন