পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি।
বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিন্দী ব্রিজ সংলগ্ন ওয়াপদা খালের দুই পাশের সড়কে খেজুর ও হরহড় গাছের বীজ বপনের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্লা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম ও মো. শহিদুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী আব্দুল আওয়াল সবুর, কাজলী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, প্রতি বছরের মতো এবারও সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তার পাশ ও খালি জায়গায় বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশবান্ধব এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন