সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
ব্র্যাক সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি গাছের চারা বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, জেলা প্রতিনিধি মোছা. মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলাম। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং খাদ্য, অক্সিজেন ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত একটি করে গাছ রোপণ করে তার নিয়মিত পরিচর্যা করা।
মন্তব্য করুন