পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে আবু কালাম (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৭টার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু কালাম ঝাঁকুয়াপাড়া গ্রামের মৃত ইলিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান আবু কালাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতের কবলে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন