গাজীপুরের কালিয়াকৈরে মাদক নিয়ে ভাগাভাগি ও বাকবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় সাকিল চৌধুরী নামে নিহতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও রোববার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হিজলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছি উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন। গ্রেপ্তার সাকিল চৌধুরী উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলম মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৩টার দিকে কালিয়াকৈরের ট্রাক স্ট্যান্ড এলাকায় চার বন্ধু একসঙ্গে মাদক সেবন করছিলেন। এ সময় মাদক সেবন ও লেনদেনের বিষয় নিয়ে আকাশের সঙ্গে অন্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে আকাশকে আঘাত করেন। পরে আকাশের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম-বার জানান, প্রাথমিক তদন্তে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন