নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসার ছয় শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি নড়াইল পৌরসভা এলাকার ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট দিবাগত রাতে ওই মাদরাসার এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে মাহাবুবুর রহমানের বিরুদ্ধে। পরদিন ২৮ আগস্ট শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে শিশুটির মা মাদরাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
পুলিশ জানায়, পরবর্তীতে আরও পাঁচ শিশুশিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে মাহাবুবুর রহমান মাদরাসা থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলার পর ওই দিন দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মাহাবুবুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন