সীমান্তবর্তী এলাকার বেকার ও যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চরবাগডাঙ্গা বিওপি কমান্ডারসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকেরা কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করছে বিজিবি। এর ফলে তারা কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন