পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাটসংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, শনিবার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে গোলক বৈদ্য (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। তিনি অতুলনগর গ্রামের নগেন বৈদ্যের ছেলে।
পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত গোলক বৈদ্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
এ সময় নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই অভিযানে উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—গাওখালী গ্রামের রবিন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবিন্দ্রনাথ হালদার এবং নারায়ণ চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাগর বাইন ও চার পরোয়ানাভুক্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন