
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তিনি হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাতিয়া শহর বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, হাতিয়ায় দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা। এ সময় ভোটকেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম খতিয়ে দেখা হয়।
এর আগে সহকারী নৌবাহিনী প্রধান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে স্থাপিত নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কলেজ মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি নৌবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। নির্বাচন যেন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় কেউ যেন কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না বলেও তিনি নৌবাহিনীর সদস্যদের নির্দেশ দেন।
সকালবেলায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে হাতিয়া পৌঁছান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মূসা। হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে অবতরণের পর তিনি সড়কপথে উপজেলা সদর ওচখালী এলাকায় যান। পরিদর্শন ও ব্রিফিং কার্যক্রম শেষে দুপুরের একটু আগে তিনি হেলিকপ্টারযোগে ভোলার উদ্দেশ্যে হাতিয়া ত্যাগ করেন।
উল্লেখ্য, হাতিয়া একটি দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কোস্টগার্ডের পাশাপাশি নৌবাহিনীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়ায় নৌবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নির্বাচনকে সামনে রেখে হাতিয়ায় নৌবাহিনীর সদস্যসংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। গত ২০ জানুয়ারি অতিরিক্ত নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়। প্রতিদিন নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত স্থল ও নৌপথে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। কখনো যানবাহনে, আবার কখনো পায়ে হেঁটে দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন নৌবাহিনীর সদস্যরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নৌবাহিনী হাতিয়ায় অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব তৎপরতার ফলে দ্বীপ এলাকায় নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন