“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যে শরণখোলায় সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাগেরহাটের শরণখোলা উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় এবং উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এতে সক্রিয় অংশ নেন ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (YPAG) ও ওয়েভ (WAVE)-এর সদস্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় মসজিদের ইমামসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ।
বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় এলাকার পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঠিক তেমনি সমাজে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন মত ও পথের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতা বজায় রাখা জরুরি।
তারা একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য করুন