বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফল ঘোষণার পর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রীর পাশে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন তিনি এবং লাল গোলাপের স্টিক দিয়ে তাকে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের উদ্দেশ্যে হাত তুলে অভিবাদন জানান।
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে মির্জা ফখরুল তাদের দিকে এগিয়ে যান। এ সময় তিনি প্রথমে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে উঠে নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং কোলাকুলি করেন। পরে সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
একপর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন মির্জা ফখরুল। পরে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাদেরও সালাম ও শুভেচ্ছা জানান তিনি।
এ সময় সংসদ কক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন