পঞ্চগড়ে ইয়াবা সেবনের অভিযোগে বিএনপির সাবেক ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বোদা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরে কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান (৪২), রশিদুল ইসলাম (৩৮) ও বিষ্ণু চন্দ্র রায় (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানে ইয়াবা সেবনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং ২ পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা কার্যকর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন