মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে দিপালী সিনহা (৩৩) নামে এক মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিপালী সিনহা উপজেলার মাধবপুর ইউনিয়নের গকুল সিংহের গাঁও এলাকার বিমানন্দ সিনহার মেয়ে এবং উত্তর বালিগাঁও গ্রামের রাজিব কুমার সিংহের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দিপালীর দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে প্রতিবেশীদের দাবি। তাদের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধের পাশাপাশি পারিবারিক পরিবেশ নিয়েও তিনি মানসিক চাপে ছিলেন। তবে এসব দাবির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দিপালী ছিলেন শান্ত ও স্বল্পভাষী স্বভাবের মানুষ। সাম্প্রতিক সময়ে তাকে উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে বলে তারা জানান।
নিহতের ছোট ভাই দিপক সিংহ বলেন, ঘটনার আগে তার বোনের সঙ্গে কথা হয়েছিল। তিনি সিলেটে রথযাত্রা দেখতে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পরে আবার জানান, স্বামী তাকে যেতে নিষেধ করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
অন্যদিকে, স্বামী রাজিব কুমার সিংহ দাবি করেন, তার স্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে অভিমান করতেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার চিকিৎসাও করানো হয়েছিল। তিনি বলেন, “আমাদের দুটি সন্তান রয়েছে। এমন ঘটনা ঘটবে কখনো কল্পনাও করিনি।”
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পাওয়া গেলে বা তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্বজন ও স্থানীয়রা তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
মন্তব্য করুন