রংপুরের বদরগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) উপজেলার বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আহতদের মধ্যে মমিনুল, হাসান, মেহেদী হাসান ও রায়হানসহ আরও একজন রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রংপুর আদালতে একটি মামলার হাজিরা দিতে যান মমিনুলসহ কয়েকজন কিশোর। একই সময়ে একটি হত্যা মামলার হাজিরা দিতে সেখানে উপস্থিত হয় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্য ফিরোজ ও তার সহযোগীরা। আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফিরোজের নেতৃত্বে মমিনুলের ওপর হামলা চালানো হয়। এতে তার নাক ফেটে যায় এবং তাকে রক্ষা করতে গেলে আরও দুইজন আহত হন।
পরবর্তীতে আদালতের কার্যক্রম শেষে উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে গেলে পুরনো বিরোধের জেরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। মমিনুল তার সহযোগীদের নিয়ে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে বালুয়াভাটা এলাকায় উভয় পক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন আরিফুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হন, যাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাতেন্দ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই আরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ ধরনের সহিংসতা রোধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন