সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৭২ জন নারী-পুরুষের মাঝে ১ হাজার ৮০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ৭১ নম্বর বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মঞ্জুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতরণকৃত মিশরীয় ফাওমি জাতের মুরগি অধিক ডিম উৎপাদনে সক্ষম হওয়ায় উপকারভোগীরা দ্রুত আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, “ফেইথ ইন অ্যাকশন গাবুরা ইউনিয়নে মুরগি বিতরণসহ নানা ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। উপকারভোগীদের নিয়মিত তদারকি করা হবে, যাতে তারা সঠিকভাবে মুরগিগুলো পালন করে আয় বৃদ্ধি করতে পারেন।”
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “ফেইথ ইন অ্যাকশনের কার্যক্রম ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বিতরণকৃত মুরগিগুলোকে নিজেদের সম্পদ মনে করে যত্নের সঙ্গে পালন করতে হবে, যাতে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসে।”
প্রধান অতিথি সুদীপ্ত কুমার বিশ্বাস বলেন, “পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ফেইথ ইন অ্যাকশন গরু, ছাগল ও মুরগি বিতরণ করছে। আজ যে ফাওমি জাতের মুরগির বাচ্চা দেওয়া হয়েছে, সেগুলো অধিক ডিম উৎপাদন করে। তবে নিয়মিত টিকাদান ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। এ জন্য সংস্থাটি ১৫ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন নারী-পুরুষের প্রত্যেককে ২৫টি করে এক মাস বয়সী মিশরীয় ফাওমি জাতের মুরগির বাচ্চা বিতরণ করা হয়। মোট বিতরণ করা হয়েছে ১ হাজার ৮০০টি মুরগির বাচ্চা। আয়বর্ধক এই উদ্যোগে উপকারভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মন্তব্য করুন