ষষ্ঠ জাতীয় চা দিবস-২০২৬ উপলক্ষে দেশের সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান হিসেবে পুরস্কৃত হয়েছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মধুপুর চা বাগান। শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত জাতীয় চা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
এ বছরের জাতীয় চা দিবসের প্রতিপাদ্য ছিল “চা শিল্পের উন্নতি, সবুজ হউক অর্থনীতি”। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮টি জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন হাজী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মো. আতাউর রহমান খান এবং মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ। শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগানের পদক গ্রহণ করেন ব্যারিস্টার নিহাদ কবির। তিনি বাংলাদেশীয় চা-সংসদের ভাইস চেয়ারম্যান এবং কেদারপুর টি কোম্পানি লিমিটেডের পরিচালক।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই অর্জন মধুপুর চা বাগানের মালিক, শ্রমিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যবস্থাপনা পরিচালক লায়লা কবির-এর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি জানান, মধুপুর চা বাগান এর আগেও দেশের সেরা মানের চা উৎপাদনের জন্য পুরস্কৃত হয়েছে।
তিনি আরও জানান, ১৯৭৩ সালে মধুপুর চা বাগানের বার্ষিক উৎপাদন ছিল প্রায় ৫০ হাজার কেজি, যা বর্তমানে বেড়ে ৮ থেকে ১০ লাখ কেজিতে উন্নীত হয়েছে। কেদারপুর টি কোম্পানির বাগানগুলো মিলিয়ে বছরে প্রায় ১৮ লাখ কেজি চা উৎপাদিত হয়।
চা শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যারিস্টার নিহাদ কবির বলেন, বর্তমানে ১০ টাকায় বিক্রি হওয়া এক কাপ চায়ের মূল্য থেকে বাগান মালিকের ভাগে আসে মাত্র ৪২ পয়সা। দেশের চা শিল্পকে আরও শক্তিশালী করতে চায়ের সর্বনিম্ন দর বৃদ্ধি এবং আমদানিকৃত চায়ের ওপর অধিক ট্যারিফ আরোপের দাবি জানান তিনি।
মন্তব্য করুন