সিলেটের বিশ্বনাথে তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম।
তিনি বলেছেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা কঠিন। তাই যুগের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, “শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়তা করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এলাকার তরুণ-তরুণীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
মন্তব্য করুন