খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনপদে মানবিক সেবার অংশ হিসেবে বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ জুন) সকালে বিজিবির লোগাং জোনের উদ্যোগে জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় একটি নলকূপ স্থাপন করা হয়। একই দিনে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক সেবা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
এদিকে অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম এবং চিকিৎসক ডা. ফজলুল বারী জিহানের তত্ত্বাবধানে শতাধিক অসহায় ও অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও শিক্ষা সহায়তা স্থানীয় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারাও বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুর্গম এলাকায় সরকারি সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলছে।
বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাহিনীটির সামাজিক দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
মন্তব্য করুন