নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা যাত্রীদের মধ্যে এক পুরুষ ও এক নারী ঘটনাস্থলেই নিহত হন।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুরুষের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি কয়েকজন ভক্তকে নিয়ে নেত্রকোনার মদনপুর এলাকায় একটি ওরস মাহফিলে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত পাঁচ থেকে ছয়জনকে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন