মানিকগঞ্জের ঘিওরে প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় অভিমানে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজপড়ুয়া তরুণী (১৮)। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২২ জুন) দুপুরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পেঁচারকান্দা সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন রাতে ঘিওর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই তরুণী হঠাৎ পেঁচারকান্দা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, তরুণীর সঙ্গে পার্শ্ববর্তী সাইংজুরী গ্রামের এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিয়ের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। তবে অভিযুক্ত যুবক বিয়েতে রাজি না হয়ে সম্পর্ক থেকে সরে যাওয়ার চেষ্টা করেন এবং তরুণীর সঙ্গে যোগাযোগও কমিয়ে দেন।
পরিবারের দাবি, এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। পরে সোমবার একটি চিরকুট লিখে তিনি পেঁচারকান্দা সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দেন।
অভিযুক্ত যুবক বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী তরুণী মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
ঘিওর থানার একটি সূত্র জানায়, তরুণীর বাবার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন