বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যার পর মহিপুর থানা বিএনপির কার্যালয়ে থানা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার বাদল ও সাখাওয়াত হোসেন, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল বারেক, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা ওলামা দলের সভাপতি কারী আজিজুর রহমান পাটোয়ারী, থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আকন ফিরোজ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহিপুর সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা শাহ আলম মাতুব্বর।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। একই ধারাবাহিকতায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এবিএম মোশাররফ হোসেন এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।
সভাপতির বক্তব্যে আব্দুল জলিল হাওলাদার বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মহিপুর থানাকে উপজেলায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ দাবিতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনও করা হবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা সদস্যের হাতে সংঘটিত সেনা অভ্যুত্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তাঁর শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো কলাপাড়া উপজেলা বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
মন্তব্য করুন