মোংলার চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ফারুক হাওলাদার এবং তার ছোট ভাই স্থানীয় জনপ্রতিনিধি নাজমুল হাওলাদারের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) বিভিন্ন আইডি ও পেজ থেকে মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের মান-সম্মানহানি এবং সামাজিক সুরক্ষার কথা বিবেচনা করে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ফারুক হাওলাদার। গত রোববার (১৪ জুন) মোংলা থানায় হাজির হয়ে তিনি এই জিডি আবেদন করেন। যার ট্র্যাকিং নম্বর: KSQS7U।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ জুন (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টায় ফারুক হাওলাদার স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। পরবর্তীতে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, ‘Ahmmed Sajal’ নামক একটি ফেসবুক আইডি ( https://www.facebook.com/share/p/193h6f6XgD/) এবং ‘মিডিয়া সেল মোংলা’ নামক একটি ফেসবুক পেজ (লিংক: https://www.facebook.com/share/p/1J7jpDge2L/) থেকে অজ্ঞাতনামা ব্যক্তি তার ও তার ছোট ভাই নাজমুল হাওলাদারের নাম ও ছবি ব্যবহার করে চরম আপত্তিকর, অসত্য ও মানহানিকর পোস্ট করেছে।
ভুক্তভোগী ফারুক হাওলাদার জানান,একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। এই মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্টের কারণে আমি ও আমার পরিবার চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভবিষ্যতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষার স্বার্থে বিষয়টি মোংলা থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
এই বিষয়ে মোংলা থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত সাপেক্ষে অপপ্রচারের সাথে জড়িত অজ্ঞাতনামা অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন