
খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু ও একাধিক মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। তার বিরুদ্ধে কয়রা ও শ্যামনগর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রধারী জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজহারুল ইসলাম খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।
অভিযানকালে তার হেফাজতে থাকা পৃথক দুটি পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে কয়রা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার (৩ জুলাই) তাকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন