মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল এবং হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম।
ঘোষিত বাজেট অনুযায়ী, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা।
অন্যদিকে, উন্নয়নমূলক খাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা।
বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, পৌর এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীকে আরও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি পৌরসভার উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন