কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তের বিদ্যাবাগিশ গ্রামে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অভিযান চলাকালে ভারতীয় সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে বাংলাদেশ অভিমুখে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দিয়ে ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাটিতে তল্লাশি চালিয়ে ঘাসের ভেতরে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন