রংপুরের বদরগঞ্জে ছয় মাসের এক গর্ভবতী নারীকে মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
রবিবার (৭ জুন) উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুরুতর আহত গর্ভবতী নারী বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর স্বামী ওলিউল্লাহ অভিযোগ করে বলেন, পারিবারিক জমি ও বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তার ভাতিজা রাসেল মিয়া ও তার সহযোগীরা বাড়িতে এসে বাধা সৃষ্টি করে এবং হামলা চালায়। এ সময় তার ছয় মাসের গর্ভবতী স্ত্রী শম্পা বেগম এগিয়ে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন। পরে তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর বৃদ্ধা মা বলেন, “তারা লাঠি নিয়ে এসে আমার নাতিকে মারধর করেছে এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে।”
হাসপাতালে চিকিৎসাধীন শম্পা বেগম বলেন, “আমাদের বসতবাড়ির অংশ দখল করতেই পরিকল্পিতভাবে আমাকে মারধর করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “একজন গর্ভবতী নারীকে এভাবে মারধর করা অমানবিক। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত রাসেলের বাবা রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। তার দাবি, গর্ভবতী নারীকে মারধরের ঘটনা সঠিক নয়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন