দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকা থেকে আগত খেলোয়াড় ও দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বুড়িহাট ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে এ ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। শিশু, কিশোর, যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী মো. আক্কাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়ারুল হক জিয়া, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরনবী ইসলাম এবং সমাজসেবক হাসিব আখতার।
দক্ষিণ রঘুনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আক্কাস আলী বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তিনির্ভর সময়ে নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলা ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, দেশীয় ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য টিকিয়ে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন