নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের বসতঘরের দরজা কোরাবাড়ি দিয়ে খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের হাত-মুখ বেঁধে জিম্মি করে রাখে।
এরপর ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা।
ডাকাতদের হামলায় আহত পরিবারের পাঁচ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন