বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দুটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তামিম মেডিকেল ও তাজ ফার্মেসিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনায় জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক এবং মোরেলগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. ফজলুল হক জানান, অভিযানে ফার্মেসি দুটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেফ্রিজারেটরের ব্যবস্থা না থাকা এবং বিক্রয়ের জন্য ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুত রাখার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত তামিম মেডিকেল ও তাজ ফার্মেসিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মন্তব্য করুন