দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে আয়োজিত এ পথসভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা আহনাফ সাঈদ খান। প্রধান বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
বক্তব্যে সারজিস আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটয়ারী। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেন।
কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসির উদ্দিন পাটয়ারী বলেন, “কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।”
তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
এছাড়া পথসভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে।
পথসভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ কিশোরগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।
মন্তব্য করুন