রাজধানী ঢাকায় অবস্থানরত মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দাদের অন্যতম সামাজিক সংগঠন ‘মোরেলগঞ্জ ফাউন্ডেশন, ঢাকা’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ)।
ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মসিউর রহমানের সভাপতিত্বে সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও ভোটারদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মধ্যে পারস্পরিক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ভোটার নং-২৩৬ মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ)-কে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি পদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদেও সমঝোতার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হওয়ায় শুক্রবার রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সরদার (সোহাগ) বর্তমানে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মোরেলগঞ্জ উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও মাঠে সক্রিয় রয়েছেন।
তার নির্বাচিত হওয়ার খবরে ঢাকা ও মোরেলগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে মোরেলগঞ্জ ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসী ও স্থানীয় মোরেলগঞ্জবাসীর মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে।
এছাড়া বহরবুনিয়া ইউনিয়নসহ বৃহত্তর মোরেলগঞ্জ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শুভাকাঙ্ক্ষীরা।
মন্তব্য করুন