পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ॥ চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে দৈনিক ইনকিলাবের পটিয়া উপজেলা প্রতিনিধি নুর হোসেন সভাপতি এবং দৈনিক জনতা পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), সহ-সভাপতি শফিউল আজম (দৈনিক আজাদী), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু (অর্থনীতির পাতা), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), দপ্তর সম্পাদক মো. শাহজাহান চৌধুরী (দৈনিক মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল হক পিপলু (সি প্লাস টিভি), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (আমাদের সময়)।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এস এম একে জাহাঙ্গীর (ভোরের কাগজ), আবদুল হাকিম রানা (কালবেলা ও চট্টগ্রাম মঞ্চ), আহমদ উল্লাহ (সমকাল), এস এম রহমান (নয়া দিগন্ত), কামরুল ইসলাম (সাঙ্গু), তাপস দে আকাশ (বিজয় টিভি) এবং আবদুল্লাহ আল নোমান (সময়ের কাগজ)।
নবনির্বাচিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। কমিটির মেয়াদ এক বছর বলেও তিনি জানান।
মন্তব্য করুন