ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যাম এলাকায় এক হেক্টর জলাশয়কে মৎস্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। নদীর এই অংশে মাছের প্রজনন ও জীববৈচিত্র রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলা-এর সাগুনী রাবার ড্যাম এলাকায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে মৎস্যজীবী ও স্থানীয় সুফলভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই আনুষ্ঠানিকভাবে এ অভয়াশ্রম ঘোষণার বিষয়টি জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভয়াশ্রম ঘোষণার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়সহ স্থানীয় মৎস্যচাষী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গন নদীর এই অংশকে অভয়াশ্রম হিসেবে সংরক্ষণ করা হলে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি পাবে, জীববৈচিত্র রক্ষা হবে এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নদীতে মাছের প্রাকৃতিক উৎপাদন কমে যাওয়ায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, অভয়াশ্রম বাস্তবায়িত হলে টাঙ্গন নদীতে আবারও দেশীয় মাছের প্রাচুর্য ফিরে আসবে এবং জীবিকা নির্বাহে নতুন সম্ভাবনা তৈরি হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং নিয়মিত নজরদারির মাধ্যমে এটি কার্যকর করা হবে।
মন্তব্য করুন