বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমির স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে নিজ অর্থায়নে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. এনামুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের মানিকজোড় ও খেজুরবাড়িয়া গ্রামের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানা ও জলজ আগাছায় ভরাট হয়ে পড়েছিল। ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ এবং স্থানীয় জনজীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কারের উদ্যোগ নেন বিএনপি নেতা এইচ. এম. এনামুল হক।
বর্তমানে খাল থেকে কচুরিপানা ও বিভিন্ন জলজ আগাছা অপসারণের কাজ চলমান রয়েছে। স্থানীয়দের মতে, খালটি পরিষ্কার হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে, কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সহজ হবে এবং পরিবেশেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।
স্থানীয় বাসিন্দা মো. শামসুল হক বাচ্চু, মো. ফারুক হাওলাদার ও হামিদ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে খালটি অবহেলিত অবস্থায় ছিল। খাল পরিষ্কার হলে এলাকার কৃষক, জেলে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক আখ্যা দিয়ে বলেন, এমন কাজের ধারাবাহিকতা থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তারা আরও জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এইচ. এম. এনামুল হককে দেখতে চান এলাকার অনেক মানুষ।
উল্লেখ্য, এইচ. এম. এনামুল হক ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে খাউলিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদের নাতি এবং খাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ মজিবর রহমানের পুত্র। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ বিষয়ে এইচ. এম. এনামুল হক বলেন, “জনগণের দুর্ভোগ কমানো এবং এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থার উন্নয়নই আমার মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, খাল পরিষ্কারের মতো জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন