জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা রোডের যাত্রী ছাউনির সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যাংকার এবং মাগুরা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাসুদুল আলম, মাগুরা সদর উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আলোচনা সভা শেষে ঢাকা রোডের কুমার নদীর পাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন