মাগুরার শ্রীপুরে দুটি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া বাজার ও হাট শ্রীকোল বাজারে পৃথক এ চুরির ঘটনা ঘটে।
খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মাজারুল ইসলাম বাবু জানান, তিনি সম্প্রতি দোকানঘরটিতে ব্যবসা শুরু করেছেন। শুক্রবার রাতে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখতে পান, দোকানের চালার একটি টিন খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
তার দাবি, দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকার কীটনাশক চুরি হয়েছে।
অন্যদিকে, একই রাতে হাট শ্রীকোল বাজারের নীল কমলের সার ও কীটনাশকের দোকানেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন