পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়িতে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি সদর জোন (১৮ ইস্ট বেঙ্গল)-এর উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান-কারবারিদের মাধ্যমে চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তারা আরও জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষাই নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেও এ কর্মসূচি সহায়ক হবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের যেকোনো সংকট, দুর্যোগ বা জনকল্যাণমূলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পরিবেশবান্ধব এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন