গণভোটের জনরায় মেনে নেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে শহরের পুরান থানা এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি পুরান থানা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, শহর আমীর মাওলানা আব্দুল হক, সদর আমীর মাওলানা কারি নজরুল ইসলামসহ জেলা ও সদর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের জনরায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং অতীতে সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলের কর্মসূচি সম্পন্ন হয়।
মন্তব্য করুন