পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও বছরজুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। বিভিন্ন শোরুম উদ্বোধন কিংবা ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা গেলেও ভক্তদের মূল আগ্রহের জায়গা তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা।
বিয়ের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্টভাবেই জানান, অল্প বয়সে বিয়ে করাটা তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে রহস্য বজায় রেখে অপু বলেন, “এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।” এছাড়া বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।
স্মরণযোগ্য যে, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের খবর প্রকাশ করেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
শুটিং ফ্লোরের স্মৃতিচারণ করতে গিয়ে অপু বলেন, “আগের অপু বিশ্বাস একটু বেশিই বাচ্চা ছিল। ইমোশন নিয়ন্ত্রণ করতে পারত না। আসলে ক্যামেরার সামনে কী বলতে হয় আর কী করতে হয়, সেটা এখন বুঝতে পারি। কারণ ক্যামেরা মানেই পাবলিক ফেস করা।
উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে অপুর ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, আসছে কোরবানির ঈদে মুক্তি পেতে পারে তার নতুন সিনেমা ‘সিক্রেট’। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই নিশ্চিত করে কোনো মন্তব্য করেননি ঢালিউড কুইন।
মন্তব্য করুন