
মাগুরার মহম্মদপুর উপজেলায় ছোট বোনকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোনসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে রাফিয়া (৩) এবং তার আপন ভাই আলিনুর রহমানের মেয়ে রাইসা (২)।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত রাইসা পুকুরে পড়ে যায়। ছোট্ট রাইসাকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করে রাফিয়া। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম জানান, “দুই শিশুই ছিল পরিবারের আদরের। একসঙ্গে তাদের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।”
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারের দুই নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম বিরাজ করছে।
মন্তব্য করুন