গাইবান্ধার পলাশবাড়ীতে পড়া না পারার অভিযোগে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক ওই শিক্ষার্থীর পেট মুচড়ে ধরেন এবং বেঞ্চে শুইয়ে নির্যাতন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী আনিসা আক্তার মায়া (৭) পূর্ব গোপালপুর গ্রামের আইয়ুব আলীর মেয়ে এবং বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সংবাদকর্মীদের কাছে কান্নাজড়িত কণ্ঠে শিশুটি জানায়, পড়া না পারলে সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুন প্রায়ই তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনার দিন দুপুরে পড়া বলতে না পারায় শিক্ষক তার পেট জোরে মুচড়ে ধরেন। এতে ব্যথা সহ্য করতে না পেরে সে কান্নায় ভেঙে পড়ে।
শিশুটি আরও অভিযোগ করে বলে, এর আগেও একই শিক্ষক তাকে বেঞ্চে শুইয়ে পেটে চাপ দিয়ে নির্যাতন করেছিলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের কাছে জানতে চাইলে তিনি সরাসরি অভিযোগের বিষয়ে মন্তব্য না করে বলেন, “আজ একটি অভিযোগ পেয়ে আপনারা এসেছেন, কিন্তু বিদ্যালয়টি এর আগে অনেক ভালো কাজ করেছে, ভালো ফলাফল করেছে—সেগুলো নিয়ে তো কেউ আসেননি।”
অভিযোগের বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গোলেনুর বলেন, সহকারী শিক্ষক মাহাফুজার রহমান মিথুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন